বগুড়া সংবাদ : বুধবার রাতে বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে বগুড়ায় হাম রোগের প্রাদুর্ভাব কমানো টিকা দান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার একটি বৈজ্ঞানিক সভা এনডিএফ সভাপতি শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো: লিয়াকত আলীর সবাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বগুড়া’র উপদেষ্টা অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল ইসলাম নাহিদ। প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শওকত জামিল, শিশুরোগ ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা. মো: নজরুল ইসলাম এবং শিশু সার্জারি বিশেষজ্ঞ ডা. এস এম নূর-ই-শাদীদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন এনডিএফ বগুড়া’র সেক্রেটারি, শিশু সার্জন ডা. মাহাবুব রহমান সরকার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শজিমেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সলিমুল্লাহ আকন্দ, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মুহাম্মদ মিজানুর রহমান শিবলী, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. মাহফুজুল হক মামুন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুসা আল মনসুর, চক্ষু বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ ইবরাহিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থোপেডিক্স সার্জন ডা. মো: সেলিম রেজা। সভায় আগামি ১০ মে পর্যন্ত দেশব্যাপী চলমান হাম-রুবেলা টিকা কার্যক্রম সফল করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়। একটি জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যনিরাপত্তার জন্য ‘হার্ড ইম্যুনিটি’ গড়তে হলে কমপক্ষে ৯৫% শিশুকে টিকার আওতায় আনতে হবে। স্বাস্থ্যবিভাগের স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে নিয়মিত (যেমন- শজিমেক হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়া) এবং স্যাটেলাইট ক্লিনিকসমূহে নির্দিষ্ট দিবসে ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের এই টিকা প্রদান করা হবে। এছাড়া জ্বর ও গায়ে লাল র্যাশ উপসর্গ নিয়ে আগত শিশুদের দ্রুত আইসোলেশন ও সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সভায় হাম সংক্রমন প্রতিরোধে স্বাভাবিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়, যেমন- মাস্ক ব্যবহার করা, হাঁচি-কাশির নিয়ম মেনে চলা, সাবান পানি দিয়ে হাত ধোয়া, পুষ্টিকর খাদ্যগ্রহণ এবং শিশুদের ১ম ৬ মাস কেবল বুকের দুধ খাওয়ানো।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
