বগুড়া সংবাদ : আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে বগুড়া শহরের ডালপট্টিতে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই প্রচারণা ঘিরে এলাকাজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সুজিত জয়সয়ালের সভাপতিত্বে আয়োজিত এ গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম বাদশা। এসময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণায় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক এসএম রিপন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক সোহাগ মাহমুদ, শহর যুবদলের সহ-প্রচার সম্পাদক শাহেদ আলী, কুটির শিল্প বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, শহর যুবদলের সিনিয়র সদস্য সুজিত জয়সয়াল, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আইনুল শেখ এবং ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি বায়তুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগকালে রেজাউল করিম বাদশা বলেন, বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতি করে। জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, “বিএনপি মানেই উন্নয়ন, আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই।” তিনি ভোটারদের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং ব্যাপক ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করার আহ্বান জানান।
এসময় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার বলেন, তরুণ সমাজ সবসময় দেশের গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে কাজ করে। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তাই তরুণদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অন্যদিকে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি বলেন, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বিএনপি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার ও উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত জরুরি। এজন্য নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর নির্দেশ দেন তিনি।
গণসংযোগ শেষে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
