

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২ টায় সান্তাহার পূবালী ব্যাংক ভবনে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের উদ্যোগে পরিচালিত ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় এ প্রচার কার্যক্রমের আয়োজন করে পুবালী ব্যাংক পিএলসি। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ব্যাংক।
পূবালী ব্যাংক পিএলসির সান্তাহার শাখা ব্যবস্থাপক শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ আলী লেমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, জেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক মাহফুজুল হক টিকন, সোনালী ব্যাংকের আদমদীঘি শাখার সহকারী মহাব্যবস্থাপক মাহামুদুল হাসান প্রমুখ।
কর্মসূচির মূল লক্ষ্য হলো উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাঁদের চিহ্নিত করা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ সৃষ্টি করা। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি, নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহ প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখার প্রত্যাশা করা হয়।
উল্লেখ্য, এই আয়োজনে প্রায় দুই শতাধিক তরুণ উদ্যোক্তা অংশ গ্রহণ করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা