

বগুড়া সংবাদ : বগুড়ার পূর্ব নারুলী তালপট্টি এলাকায় রাহুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. আব্দুল মোমিন। এ ঘটনায় নিজের স্ত্রী ও ১০ মাসের শিশুকন্যার নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে অভিযুক্ত পরিবারের মুক্তিযোদ্ধা পরিচয় ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল মোমিন এসব অভিযোগ করেন। তিনি বগুড়া শহরের ২০ নম্বর ওয়ার্ডের নারুলী তালপট্টি এলাকার বাসিন্দা।
লিখিত বক্তব্যে আব্দুল মোমিন জানান, গত ১৬ অক্টোবর তার বাড়ি থেকে তিনটি মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় তার স্ত্রী সুমাইয়া চোরদের বিরুদ্ধে প্রতিবাদ করলে রাহুল তার ওপর ক্ষিপ্ত হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাহুল তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও থাপ্পড় মারে। একপর্যায়ে ইটের দেয়ালের সঙ্গে মাথা ঠুকে দেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।
পরে আহত সুমাইয়াকে প্রথমে বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে এবং চিকিৎসকের পরামর্শে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান আব্দুল মোমিন।
তিনি আরও অভিযোগ করেন, গত ২৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে তিনি কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে থাকাকালে রাহুল (২২), তার বাবা বেলাল সরদার (৪২), দাদা লুৎফর রহমান, চাচা সুজন ও লিটন এবং দাদি রহিমা বেগমসহ পরিবারের সদস্যরা দলবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়।
এ সময় তার স্ত্রীকে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তার স্ত্রীর মাথার মাঝখানে কেটে যায়। একই সময় তার স্ত্রীর গলায় থাকা প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং ঘরের শোকেসের ড্রয়ার ভেঙে নগদ দুই লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। এছাড়া বাড়ির ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয় বলে দাবি করেন আব্দুল মোমিন।
তার স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। যাওয়ার সময় এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে তার স্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। পরে আহত স্ত্রীকে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে আব্দুল মোমিন আরও অভিযোগ করেন, লুৎফর রহমানের মুক্তিযোদ্ধা পরিচয় এবং পরিবারের সদস্যদের বিভিন্ন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা গ্রহণের বিষয়েও প্রশ্ন রয়েছে। তার দাবি, পরিবারের কয়েকজন সদস্য ওই পরিচয়ের ভিত্তিতে সরকারি চাকরি পেয়েছেন। এ ছাড়া লুৎফর রহমানের মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে অতীতে গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
আব্দুল মোমিনের অভিযোগ, অভিযুক্ত পরিবারের সদস্যদের কর্মকাণ্ডে শুধু তার পরিবার নয়, পুরো পূর্ব নারুলী তালপট্টি এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি নিজের, স্ত্রী ও ১০ মাসের শিশুকন্যার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে একই এলাকার আরেক বাসিন্দা মো. সাইফুল ইসলামের স্ত্রী মোছা. লিলি বেগমও উপস্থিত ছিলেন। তিনিও রাহুলের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করার অভিযোগ করেন। ভয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়ে তিনি আত্মরক্ষা করেন বলে জানান।
সংবাদ সম্মেলন থেকে দুই পরিবারের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা