
বগুড়া সংবাদ : বগুড়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন (৫২) সহ চার নেতাকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে নেওয়ার সময় তাদের লক্ষ্য করে উত্তেজিত জনতা বিভিন্ন শ্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিং শেষে তাদের আদালতে নেওয়া হয়।
গ্রেফতার অন্যরা হলেন-জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেরদৌস হোসেন (২৬)।
ডিবি পুলিশ জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে হামলা, সহিংসতা ও হত্যা মামলাসহ একাধিক মামলায় তারা এজাহারনামীয় আসামি। এদের মধ্যে ভিপি সাজেদুর রহমান সাহিনের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়া ডিবির পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তার ৪ জনই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা