সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জেলা ও দায়রা জজ হিসেবে মনিরুজ্জামানের পোস্টিং বাতিলের দাবি আইনজীবী সমিতির

বগুড়া সংবাদ  : বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে মো. মনিরুজ্জামানের পোস্টিং পুনর্বিবেচনা করে বদলি আদেশ বাতিল এবং তার পরিবর্তে অন্য নিরপেক্ষ বিচারক নিয়োগের দাবি জানিয়েছে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতি।

শুক্রবার সকাল ১১ টায় (১৮ সেপ্টেম্বর) গহর আলী ভবনে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. রেজাউর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মো. মনিরুজ্জামান বগুড়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সে সময় তৎকালীন জেলা ও দায়রা জজ এ.কে.এম মোজাম্মেল হক চৌধুরী ও বিচারক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগের সমর্থক ও মদপুষ্ট হওয়ার অভিযোগ তুলে বগুড়া জজশীপের কর্মচারীরা তাদের প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেন। ওই আন্দোলনের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় এবং আইনজীবীরাও আন্দোলনে সমর্থন দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

শেখ মো. রেজাউর রহমান বলেন, ওই আন্দোলনের পর মো. মনিরুজ্জামান ও তৎকালীন জেলা ও দায়রা জজ এ.কে.এম মোজাম্মেল হক চৌধুরীকে বগুড়া থেকে প্রত্যাহার করা হয়। পরবর্তীতে মোজাম্মেল হক চৌধুরী অবসরে যান।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মো. মনিরুজ্জামানকে বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগের বিষয়টি জানতে পেরে বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে তাকে বগুড়ায় পোস্টিং না দেওয়ার আবেদন করেন।

তিনি জানান, পরবর্তীতে গত ৬ জুলাই ২০২৬ তারিখে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় মো. মনিরুজ্জামানকে বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে পোস্টিং না দেওয়ার বিষয়ে রেজুলেশন গ্রহণ করা হয়। ওই রেজুলেশনের কপিসহ ৭ জুলাই পুনরায় রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়।

বার সভাপতি অভিযোগ করেন, তাদের আপত্তি ও আবেদন বিবেচনায় না নিয়ে গত ১৭ সেপ্টেম্বর মো. মনিরুজ্জামানকে বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে পোস্টিং দেওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জজশীপের কর্মচারীদের মধ্যে আতঙ্ক এবং আইনজীবীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বার সমিতির আপত্তি থাকা সত্ত্বেও ওই বিচারককে বগুড়ায় জেলা ও দায়রা জজ হিসেবে পোস্টিং দেওয়ায় বিচারাঙ্গনে অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সময় মো. মনিরুজ্জামানের নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করে বদলি আদেশ বাতিল এবং বগুড়ায় অন্য একজন নিরপেক্ষ বিচারককে জেলা ও দায়রা জজ হিসেবে পোস্টিং দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বার সমিতির সভাপতি।

সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।

Check Also

দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *