সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে এমপির ফোনে পদত্যাগের নির্দেশ, জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ অধ্যক্ষের

 

বগুড়া সংবাদ  : বগুড়ার গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম অভিযোগ করেছেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিলটনের ফোনে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর প্যানেল চেয়ারম্যানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেছেন।

সোমবার (২ নভেম্বর) বেলা ১২:৩০ টায় বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে
সাংবাদিকদের কাছে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম জানান, গত ১ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে তিনি কলেজের অধ্যক্ষের কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় সোনারায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের নেতৃত্বে ৭-৮ জন বহিরাগত ব্যক্তি কলেজে প্রবেশ করে তাঁর কক্ষে ঢোকেন এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। এরপর তাঁকে ঘিরে ধরে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করা হয়।
অধ্যক্ষের অভিযোগ, একপর্যায়ে প্যানেল চেয়ারম্যান নিজের মোবাইল ফোন থেকে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিলটনকে ফোন করেন। পরে ফোনটি তাঁর হাতে দিয়ে সংসদ সদস্যের সঙ্গে কথা বলতে বলা হয়। ফোনের অপর প্রান্ত থেকে সংসদ সদস্য তাঁকে নিজের পরিচয় দিয়ে অবিলম্বে পদত্যাগ করার নির্দেশ দেন বলে দাবি করেন আমিনুল ইসলাম।
তিনি আরও অভিযোগ করেন, সংসদ সদস্যের কাছ থেকে পদত্যাগের নির্দেশ শোনার পর কক্ষে উপস্থিত ব্যক্তিরা তাঁকে ঘিরে ধরে কলেজের অনুমোদিত নয়—এমন একটি প্যাডে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন। ওই প্যাডে ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়ার প্রস্তাবও উল্লেখ ছিল বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে নেওয়া ওই পদত্যাগপত্র তাঁর স্বেচ্ছায় দেওয়া নয়।
ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি জানান, এ ঘটনায় গাবতলী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
লিখিত বক্তব্যে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জোরপূর্বক নেওয়া পদত্যাগপত্র বাতিল এবং তাঁকে তাঁর বৈধ দায়িত্বে পুনর্বহালের দাবি জানিয়েছেন।

Check Also

সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

বগুড়া সংবাদ : বগুড়ার সিনিয়র সাংবাদিক কালামের ইন্তেকাল বগুড়া অফিস দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *