

বগুড়া সংবাদ : নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বগুড়া বিআরটিসি বাস ডিপোর ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে দুটি গোলাপি রঙের বাস দিয়ে এ সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বাস দুটির সামনে ফিতা কেটে সার্ভিসটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নারীদের নিরাপদ যাতায়াত ও কর্মসংস্থান নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একটি দেশকে এগিয়ে নিতে নারী-পুরুষ সবাইকে সমানভাবে কাজ করতে হবে। গণপরিবহনে নারীদের ভোগান্তির চিত্র বদলাতেই এই বিশেষ সেবা চালু করা হয়েছে।
অনুষ্ঠানে বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম, বিআরটিসির কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর বাস দুটি বগুড়া ডিপো থেকে যাত্রা শুরু করে তিনমাথা রেলগেট এলাকার সরকারি আজিজুল হক কলেজের সামনে পর্যন্ত যায়। পরে সেখান থেকে ফিরে ডিপোতে প্রবেশের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম শেষ হয়। এ সময় একটি বাসের চালকের আসনে ছিলেন নারী চালক খাদিজাতুল কোবরা।
বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দুটি গোলাপি রঙের বাস এ সার্ভিসে যুক্ত করা হয়েছে। বাসগুলোর গায়ে ‘মহিলা বাস সার্ভিস’ লেখা থাকবে। আপাতত বাস দুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর-মাটিডালি এবং মোকামতলা-বনানী রুটে দুটি বাস চলাচল করবে। নন-এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা।
তিনি জানান, বিশেষ এ বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব পালনের ব্যবস্থা রাখা হয়েছে। এ বাস সার্ভিসে চালকের দায়িত্ব পালন করছেন তাসলিমা পারভীন সাথি ও খাদিজাতুল কোবরা।
সংশ্লিষ্টরা জানান, গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের নিয়মিত চলাচলে স্বাচ্ছন্দ্য বাড়ানোই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়াতেও এ সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় নারী যাত্রীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের ভাষ্য, গণপরিবহনে নারীদের নানা ধরনের বিড়ম্বনা ও নিরাপত্তাহীনতার অভিযোগ রয়েছে। এ অবস্থায় আলাদা নারী বাস সার্ভিস চালু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। বাসগুলো নিয়মিত ও সময়ানুবর্তীভাবে চলাচল করলে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য এটি বিশেষভাবে উপকারী হবে বলে তারা মনে করেন।
বিআরটিসির মহিলা প্রশিক্ষক সুবর্ণা খাতুন বলেন, প্রায় ৫০০ জনের মধ্য থেকে বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নারী চালক তৈরি করা হয়েছে। বাসের সংখ্যা বাড়ানো হলে আরও নারী চালক সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। নারী যাত্রীদের জন্য নিরাপদ ও মানসম্মত গণপরিবহন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে।
নতুন এ বাস সার্ভিস চালুর মধ্য দিয়ে বগুড়ার গণপরিবহন ব্যবস্থায় নারীবান্ধব একটি নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা