
বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের আট বছর বয়সী নাতি গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের এরুলিয়া বিমানবন্দরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে ব্যবসায়ী বাবুল হাসান (৫৫) এবং তাঁর স্ত্রী জেসমিন বিবি (৪৭)। দুর্ঘটনায় আহত নাতি জুলকার নাঈন (৮) নিহত বাবুল হাসানের বড় ছেলে রেজাউল করিম রেজার সন্তান।
জানা গেছে, শুক্রবার বিকেলে বাবুল হাসান তাঁর স্ত্রী ও নাতিকে নিয়ে মোটরসাইকেলযোগে কাহালু উপজেলায় বড় ছেলের বাসায় একটি দাওয়াত খেতে যাচ্ছিলেন। যাওয়ার পথে এরুলিয়া বিমানবন্দরের সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুল হাসান মারা যান। স্থানীয় লোকজন ও পুলিশ গুরুতর আহত অবস্থায় জেসমিন বিবিকে ও শিশু জুলকার নাঈনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন বিবি মারা যান। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মিরাজুল মন্ডল জানান, মোটরসাইকেল চালক তাঁর পরিবারকে বাঁচানোর জন্য গাড়িটি রাস্তার একদম বাঁয়ে নামিয়ে নিয়েছিলেন। কিন্তু বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটি সরাসরি মোটরসাইকেলটিকে আঘাত করে। তিনি অভিযোগ করেন, এই রাস্তায় প্রশিক্ষণ ও লাইসেন্সবিহীন চালকদের কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। চালকদের সঠিক প্রশিক্ষণ ও যোগ্যতা যাচাইয়ের পরেই রাস্তায় গাড়ি নামানোর অনুমতি দেওয়া উচিত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লাশ ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদনের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার ভোরে একই সড়কের এরুলিয়া বিমানবন্দর এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। একই স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা