

বগুড়া সংবাদ : রক্তাক্ষরে জুলাই’ কর্মসূচি উপলক্ষে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের সৈয়দ মুজতবা আলী ১০ তলা ভবনের সামনে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাকিব হাসান তামিম, সেক্রেটারি আবির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রাঙ্গা এবং মিডিয়া সম্পাদক আবু তালহা আফনানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাকিব হাসান তামিম বলেন, ছাত্রসমাজের ওপর জুলুম-নির্যাতন, গুম ও হত্যার মাধ্যমে কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তিনি দাবি করেন, বৈষম্যবিরোধী কোটা আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপ নেওয়ার পর ইসলামী ছাত্রশিবিরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তবে আইন, জেল-জুলুম ও হত্যাকাণ্ডের মাধ্যমে আদর্শিক আন্দোলনকে দমন করা সম্ভব হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গণভোটের পক্ষে ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে এবং ৩০টি রাজনৈতিক দল এতে সমর্থন জানিয়েছে বলে দাবি করেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের আইনি রূপরেখা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পাশাপাশি জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
কলেজ ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আবু তালহা আফনান জানান, এ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সরকারি আজিজুল হক কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা