

বগুড়া সংবাদ : বগুড়া জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শনিবার (১৩ জুন) দুপুরে বগুড়ার সোনাতলা পৌরসভার নিত্যনন্দনপুর গ্রামে চারাগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাকির বলেন, “প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসেবে বগুড়া জেলা পরিষদের উদ্যোগে সোনাতলা পৌরসভার নিত্যনন্দনপুরসহ বিভিন্ন এলাকার সড়কের পাশে আজ প্রায় আড়াইশ’ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে সাড়ে সাত হাজার চারা রোপণ করা হবে।”
তিনি আরও বলেন, “গাছ আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সম্পদ। গাছ থেকে আমরা অক্সিজেন পাই এবং আমরা যে কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি, তা গাছ গ্রহণ করে। তাই পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনযাপনের জন্য বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক, প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, উচ্চমান সহকারী অজিতেষ বর্মন, সার্ভেয়ার শফিকুল ইসলাম, অফিস সহকারী মো. অজিত, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রঞ্জনা খান, বিএনপি নেতা সিজু মিয়া, আহসান হাবীব মোহন, আবু নাছের ওয়াহেদ নবেল, জহুরুল ইসলাম শেফা, রুহুল আমিন রঞ্জু, এসএম হাদী, যুবদল নেতা রাঙা, কৃষকদল নেতা আনিছুর রহমান আনিছ, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা তোহাদ্দেত হোসেন বাবুল, ছাত্রদল নেতা জরিফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা