সর্বশেষ সংবাদ ::

দায়িত্ব গ্রহণ করলেন বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

বগুড়া সংবাদ : বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় সিটি করপোরেশন হলরুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পরপরই নগরীর ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দেন নতুন প্রশাসক।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, “হকাররা যত বড় ক্ষমতাশালীই হোক, কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। ফুটপাত জনগণের চলাচলের জন্যই ব্যবহার হবে, অন্য কোনো কারণে নয়। ঈদের পর থেকেই অভিযান শুরু হবে।”

তিনি আরও বলেন, “মাস বলছি না, আপনারা আমাকে দুই-একটা সপ্তাহ সময় দেন। আল্লাহর রহমতে সবকিছু পরিকল্পিতভাবে সম্পন্ন করা হবে। আর কয়েকদিন পরেই ঈদ। এজন্য আমরা কিছুটা সুযোগ দিচ্ছি। চাইলে আজ থেকেই অ্যাকশনে যেতে পারি। কিন্তু ১ হাজার লোকের জন্য ১ লাখ মানুষকে কষ্ট দিতে চাই না। জনগণের সহজ চলাচল নিশ্চিত করতে হবে।”

স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।

এসময় সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Check Also

সারিয়াকান্দিতে ফুটবল ম্যাচের বিরোধে কিশোর খুন

বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দি উপজেলা উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের নওখিলা এলাকায় প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *