সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় অপহৃত কিশোরী উদ্ধারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অপহৃত ১৭ বছর বয়সী কিশোরী তাসনিয়া রানা তামান্নাকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তার মা মোছাঃ সুরাইয়া বানু। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ১ মে বগুড়ার আদমদীঘি এলাকা থেকে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করা হয়। এ ঘটনায় বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এ মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৭৪/২০২৬। মামলার ১ নম্বর আসামি সাহিদ হোসেন এবং ২ নম্বর আসামি সেনাবাহিনীর সদস্য মোঃ রেজাউল করিম রেজা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ৩ মে পাঁচবিবি থানার ওসি তার স্বামী ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে ডেকে নিয়ে আসামিপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন। এ সময় আসামিরা লিখিত না-দাবীনামা দেওয়ার শর্ত দেয়। তার স্বামী এতে রাজি না হওয়ায় আসামিরা ওসির সামনেই পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন, চাইলে সেদিনই পুলিশ তার মেয়েকে উদ্ধার করতে পারত।
তিনি আরও দাবি করেন, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন তার মেয়েকে বান্দরবানের আলীকদম সেনানিবাসে ২ নম্বর আসামি রেজাউল করিম রেজার বাসায় আটকে রাখা হয়েছে। ৯ মে সেখানে গিয়ে তল্লাশির চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয় এবং বাসা তল্লাশি করতে দেওয়া হয়নি। তার আশঙ্কা, দ্রুত উদ্ধার না করা হলে মেয়েকে গুম কিংবা হত্যার ঘটনা ঘটতে পারে।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি কয়েকদিন ধরে না খেয়ে, না ঘুমিয়ে মেয়ের খোঁজে ঘুরছি। আমার স্বামী দেশের আইন রক্ষা করেন, অথচ তার নিজের মেয়ে আইনের আশ্রয় পাচ্ছে না।”
এ সময় তিনি সরকারের কাছে তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো— আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তার মেয়েকে জীবিত উদ্ধার করা, অভিযুক্ত সেনা সদস্য রেজাউল করিম রেজাসহ সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচবিবি থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, “আপনারা আমার মেয়েকে উদ্ধার করে সেনাবাহিনীর সুনাম রক্ষা করুন।” পাশাপাশি সাংবাদিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারাই আমার শেষ ভরসা। আপনারা সংবাদ প্রকাশ করলে সরকার নড়েচড়ে বসবে।”

Check Also

বগুড়ায় শজিমেক হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

বগুড়া সংবাদ : বগুড়ায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, কেক কর্তন, আলোচনা সভা ও  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *