সর্বশেষ সংবাদ ::

তেল নিতে হলে দেখাতে হবে লাইসেন্স-হেলমেট, বগুড়ায় নতুন নির্দেশনা

বগুড়া সংবাদ: বগুড়ায় জ্বালানি তেলের সংকটের মধ্যে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। এখন থেকে গাড়ির ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো গ্রাহককে জ্বালানি তেল দেওয়া হবে না।
রোববার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি জানান, চলমান সংকট মোকাবিলায় প্রশাসন বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে গাড়ির কাগজপত্র যাচাই করা হবে।
এছাড়া প্রতিটি পেট্রোল পাম্পে ক্রেতাদের তথ্য ও মোবাইল নম্বর সংরক্ষণ করা হবে, যাতে একই ব্যক্তি একাধিকবার তেল নিতে না পারেন। পাম্পগুলোতে এসব নির্দেশনা সংবলিত ব্যানার টাঙিয়ে দেওয়া হবে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর মনিটরিং চালানো হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান রতন বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন তেল বিক্রির হিসাব দিতে বলা হয়েছে। এছাড়াও লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া তেল না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে তিনি জানান, এ ধরনের যাচাই-বাছাই পাম্প মালিকদের পক্ষে বাস্তবায়ন করা কঠিন। এ কারণে প্রশাসনের পক্ষ থেকেই কাগজপত্র যাচাইয়ের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Check Also

দুপচাঁচিয়া মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

বগুড় সংবাদ :  বগুড়ার দুপচাঁচিয়া মহিলা কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *