বগুড়া সংবাদ: বগুড়ার শহরের ঐতিহাসিক শাকপালা পার্কে উন্নয়নের নতুন স্বপ্নযাত্রা শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল ১১টায় পার্কটি পরিদর্শন করে এ উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক গতি দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পার্কটির সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিজ হাতে গড়া এ শাকপালা পার্কটি একসময় এলাকাবাসীর বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল। তবে পূর্ববর্তী হাসিনা সরকারের সময়ে দীর্ঘদিন অবহেলায় পড়ে থেকে পার্কটি জঞ্জালে পরিণত হয়।
পরবর্তীতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে এক বৈঠকে এ পার্কের স্মৃতিচারণ করেন তারেক রহমান। সেই প্রেক্ষাপটে পার্কটির উন্নয়ন ও পুনরুজ্জীবনে নতুন করে গুরুত্ব আরোপ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এলাকাবাসী মনে করছেন, যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে শাকপালা পার্ক আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং এটি হয়ে উঠবে একটি আধুনিক ও আকর্ষণীয় বিনোদনকেন্দ্র।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা