সর্বশেষ সংবাদ ::

বিহঙ্গ আবৃত্তি পরিষদের একুশের আয়োজন “বর্ণ সুধা” অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় বিহঙ্গ আবৃত্তি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণমালা লিখন-পঠন প্রতিযোগিতা, আবৃত্তি অনুষ্ঠান ও আলোচনা সভা।
২১ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে সংগঠনের কার্যালয়ে শিশু বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে “বর্ণ সুধা” শীর্ষক এ আয়োজন সম্পন্ন হয়। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল শিশুদের মাঝে বাংলা বর্ণমালার সঠিক লিখন ও শুদ্ধ উচ্চারণচর্চার গুরুত্ব তুলে ধরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা বাংলা বর্ণমালা সঠিকভাবে লিখন ও শুদ্ধ উচ্চারণে পাঠ করে। বিচারকরা শুদ্ধ বানান, উচ্চারণের স্বচ্ছতা, ধ্বনিগত যথার্থতা ও উপস্থাপনায় আত্মবিশ্বাসকে মূল্যায়নের মানদণ্ড হিসেবে বিবেচনা করেন।

প্রতিযোগিতা শেষে বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ও প্রশিক্ষক, আবৃত্তিশিল্পী ফজলে রাব্বী–এর সভাপতিত্বে “মহান ভাষা আন্দোলনের মাধ্যমে শত প্রাণের বিনিময়ে অর্জিত মাতৃভাষার শুদ্ধতা রক্ষায় আবৃত্তি চর্চার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভাষা আন্দোলন শুধু রাষ্ট্রভাষার স্বীকৃতির সংগ্রাম ছিল না; এটি ছিল ভাষার মর্যাদা ও আত্মপরিচয় রক্ষার ঐতিহাসিক আন্দোলন। তিনি শিশু-কিশোরদের শুদ্ধ উচ্চারণচর্চায় অভ্যস্ত করে তুলতে পরিবার ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সদস্য জেএফ জ্যোতি, ওয়াকিল ইসলাম শাকিল, সুমাইয়া ইয়াসমিন, শফিকুল ইসলাম এবং ত্রিতাল বগুড়ার সভাপতি অনুপ কুমার দাস সুবল। বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে প্রাথমিক পর্যায় থেকেই শুদ্ধ ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আলোচনা শেষে সংগঠনের সদস্যরা ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ভাষাসৈনিক ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ভাষাভিত্তিক কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রত্যাশা ব্যক্ত করেন, বিহঙ্গ আবৃত্তি পরিষদ ভবিষ্যতেও ভাষা সচেতনতা ও শুদ্ধ উচ্চারণচর্চা প্রসারে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

Check Also

বগুড়ায় মাজলিসুল মুফাসসিরীন সম্মেলন অনুষ্ঠিত কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জেনে বুঝে জনগণের মাঝে পৌঁছে দিন: সোহেল

বগুড়া সংবাদ : শনিবার দুপুরে বগুড়ার একটি মোটেলে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগরীর উদ্যোগে আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *