সর্বশেষ সংবাদ ::

বাঁচতে চান ক্যানসার আক্রান্ত শিক্ষিকা নুরাফরুজ নিপা

বগুড়া সংবাদ : রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে একটি নিবন্ধনভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষকতা করছিলেন মোছা. নুরাফরুজ নিপা। চাকরিতে যোগদানের মাত্র চার মাসের মাথায় তাঁর শরীরে শনাক্ত হয় তৃতীয় পর্যায়ের (স্টেজ-৩) ডিম্বাশয়ের ক্যানসার। এরপর থেকে জীবন বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু বাংলাদেশ ও ভারতে চিকিৎসা নিয়েও এখন পর্যন্ত আশানুরূপ ফল পাননি। বর্তমানে চিকিৎসা চালিয়ে যেতে আরও প্রায় ২৫ লাখ টাকার প্রয়োজন।

নুরাফরুজ নিপা জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের মোঃ নুরনবী মন্ডলের মেয়ে। ক্যানসার শনাক্ত হওয়ার পর প্রথমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) ছয়টি কেমোথেরাপি নেন তিনি। পরবর্তী পরীক্ষায় রোগের উন্নতি না হওয়ায় বগুড়ার টিএমএসএস হাসপাতালে আরও তিনটি কেমোথেরাপি দেওয়া হয়। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।

একপর্যায়ে উন্নত চিকিৎসার আশায় ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর চিকিৎসার জন্য বাবা বিভিন্নভাবে অর্থের ব্যবস্থা করেন। স্বামী নিজের সাধ্যমতো সহযোগিতা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগ, হলের বান্ধবী ও জুনিয়ররাও অর্থ সংগ্রহ করে তাঁর পাশে দাঁড়ান।

ভারতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনা করেন। তবে ল্যাপারোস্কপির মাধ্যমে পরীক্ষা করে দেখা যায়, তাঁর শারীরিক অবস্থায় অস্ত্রোপচার করা সম্ভব নয়। এ সময় পেট থেকে প্রায় দেড় লিটার পানি বের করা হয়। এরপর আরও কিছু পরীক্ষার অপেক্ষায় ছিলেন তিনি।

এরই মধ্যে তাঁর জীবনে নেমে আসে আরেকটি বড় বিপর্যয়। ভারতে অবস্থানকালে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর খবর পান নিপা। জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি। বাবার মৃত্যুর দুই-তিন দিন পর অনলাইনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে শুরু করেন ওরাল কেমোথেরাপি।

নিপা জানান, বর্তমানে এক মাসের ওষুধ কিনতেই খরচ হচ্ছে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। ওষুধে ইতিবাচক সাড়া পাওয়া গেলে পরবর্তী সময়ে আরও বেশি মাত্রার ওষুধ প্রয়োজন হতে পারে, যার দামও দ্বিগুণ। এরপর আবারও অস্ত্রোপচারের জন্য ভারতে যেতে হতে পারে তাঁকে।

এ পর্যন্ত বাংলাদেশ ও ভারতে চিকিৎসার পেছনে ১৫ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। গত জানুয়ারি থেকে শুরু হওয়া এই চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সামনে চিকিৎসার জন্য আরও প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন হতে পারে। কিন্তু এত বিপুল অর্থ সংগ্রহ করা তাঁর পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে বাবাকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই অসুস্থ মায়ের দেখাশোনা, প্রতিবন্ধী বড় ভাই এবং ছোট ভাইয়ের পড়াশোনার বিষয়টি নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন নিপা। তাঁর মা ও বড় ভাইও অসুস্থ। এমন পরিস্থিতিতে নিজের চিকিৎসার পাশাপাশি পুরো পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তিনি।

সব প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকার স্বপ্ন দেখছেন নুরাফরুজ নিপা। তাঁর আকুতি, “আমি বাঁচতে চাই। আমার মায়ের হাল ধরতে চাই। পরিবারের দায়িত্ব নিতে চাই। কিন্তু চিকিৎসার জন্য এত টাকা কীভাবে জোগাড় করব, তা বুঝতে পারছি না। সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় মানুষের কাছে আমার চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছি।”

চিকিৎসায় সহযোগিতা পাঠানোর জন্য ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং নম্বর:

BRAC Bank PLC শাখা: Joypurhat SME/Krishi Branch হিসাবের নাম: MOST. NURAFRUZ NIPA হিসাব নম্বর: 1082391270001

Agrani Bank PLC শাখা: Mymensingh Branch হিসাবের নাম: MOST. NURAFRUZ NIPA হিসাব নম্বর: 0200024413894

বিকাশ/নগদ: 01763181430

বিকাশ: 01789043122

অর্থের অভাবে যেন একজন শিক্ষিকার জীবন বাঁচানোর লড়াই থেমে না যায়—এ জন্য সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন নুরাফরুজ নিপা। তাঁদের সামান্য সহযোগিতাই তাঁর বেঁচে থাকার স্বপ্ন পূরণে বড় ভূমিকা রাখতে পারে।

Check Also

কাহালুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

বগুড়া সংবাদ : বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *