
বগুড়া সংবাদ : বগুড়ায় বাংলাদেশ শিশু একাডেমির জেলা শাখার পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি এবং পুলিশ সুপারকে সহসভাপতি করা হয়েছে। কমিটির মনোনীত সদস্য হিসেবে রয়েছেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বাংলাদেশ শিশু একাডেমির বগুড়া জেলা কার্যালয় থেকে ২৮ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা এবং বাংলাদেশ শিশু একাডেমির বোর্ড অব ম্যানেজমেন্টের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জেলা শাখার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানকে। সহসভাপতি করা হয়েছে পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসককে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক এবং বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ ছাড়া মনোনীত সদস্য হিসেবে রয়েছেন নাজমা আক্তার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও অ্যাডভোকেট পলাশ সরকার। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটি বাংলাদেশ শিশু একাডেমির বগুড়া জেলা শাখার কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিশুদের শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা