
বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাতাইর ধুলাঝাড়া এ.ইউ. দাখিল মাদ্রাসার মাঠের চার শতাংশ জমি দীর্ঘদিন ধরে বেদখল থাকার অভিযোগ উঠেছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানের নামে থাকা ৫৫ শতাংশ জমির মধ্যে চার শতাংশ জমি দখল করে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন স্থানীয় বাসিন্দা মো. আব্দুল মোত্তালেব।
এ ঘটনায় বেদখল জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারেনটেনডেন্ট ও সদস্যরা।
মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া লিখিত আবেদনে জানা যায়, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত পাতাইর ধুলাঝাড়া এ.ইউ. দাখিল মাদ্রাসার নামে মোট ৫৫ শতাংশ জমি রয়েছে। মাদ্রাসার দাবি, ওই জমির প্রয়োজনীয় কাগজপত্র তাদের নামে রয়েছে। পাতাইর মৌজার সাবেক ১৩৮৬ দাগ ও হাল ৪২৭৪ দাগের জমির একটি অংশ মাদ্রাসার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
অভিযোগে বলা হয়েছে, স্থানীয় ফারাজ উদ্দিন মন্ডল এর ছেলে মো. আব্দুল মোত্তালেব, ১৯৯৮ সাল থেকে মাদ্রাসার মাঠের প্রায় চার শতাংশ জমি দখল করে সেখানে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। ফলে মাদ্রাসার মাঠের পরিধি কমে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
এব্যাপারে আব্দুল মোত্তালেব বলেন, পৈত্রিক সূত্রেপ্রাপ্ত হয়ে এই জায়গায় অনেক আগে মাটির ঘর নির্মাণ করেছি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে সরকারি সার্ভেয়ার দিয়ে মাপযোগ করার পর পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা