
বগুড়া সংবাদ : ঢাকা-বগুড়া মহাসড়কের উড়ালসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অন্য আরেকটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করেন। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন-বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার আনন্দ সরকারের ছেলে তাপশ সরকার (৩৫) এবং তাঁর ছেলে তীব্র সরকার (১৮)। নিহত অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় নূর ইসলাম নামের আরও একজন আহত হয়েছেন। তাঁর বাড়ি দিনাজপুরের বিরামপুর এলাকায়। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রবিবার ভোরে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাকের চাকা বিকল হয়ে পড়ে। চালক ও সহকারী ট্রাকটির চাকা মেরামতের কাজ করছিলেন। সকাল ছয়টার দিকে রংপুরগামী অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে ভেতরে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। একটি ট্রাকের কেবিন পুরোপুরি দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতর থেকে মরদেহ বের করতে বেশ কষ্ট হয়। এসময় ৩ জনের মরদেহ ট্রাকের ভেতর থেকে উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি ও মালামাল সড়ক থেকে দ্রুত সরানো হয়। নিহত ৩ জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত অন্য জনের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা