সর্বশেষ সংবাদ ::

মহাখালীতে শাহ ফতেহ আলীর প্রধান কাউন্টার চালুর দাবি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ,বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : ঢাকা মহাখালীতে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার পুনরায় চালু ও পরিবহনটির স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবহনটির শ্রমিক ও কর্মচারীরা।
মঙ্গলবার (১ জুলাই) বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক নেতারা বলেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই গত ৭ মে ঢাকা মহাখালীতে অবস্থিত শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় পার হলেও কাউন্টারটি পুনরায় চালুর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে পরিবহনটির সঙ্গে সংশ্লিষ্ট শত শত শ্রমিক কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। একই সঙ্গে উত্তরবঙ্গের যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, কাউন্টারটি পুনরায় চালুর দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতি, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। এছাড়া গত ১২ মে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ঢাকায় এক বৈঠকে ঈদুল আজহার ১৫ দিনের মধ্যে বিষয়টির সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে শ্রমিকরা অবিলম্বে ঢাকা মহাখালী শাহ ফতেহ আলী কোচ কাউন্টার খুলে দেওয়া, মহাখালী মালিক সমিতির একক ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল, শ্রমিকদের কর্মস্থলে হয়রানি বন্ধ এবং সকল পরিবহনের জন্য সমান ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সাধারণ শ্রমিকরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিক ও কর্মচারীদের পক্ষে মো. আরিফ সরকার (টিয়া), মো. ফিরোজ ও শ্রী কার্তিক উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ায় জন্মদিনের কেক কারখানায় মোবাইল কোর্ট, ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ  : বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক ও বিস্কুট তৈরি এবং নষ্ট ও ভাঙা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *