

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ দিনের ব্যবধানে ডাকাতি হওয়ার মালামালসহ আন্ত:জেলার ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার।
জানা যায়, গত ২৬ এপ্রিল রাতে উপজেলার দেউলী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সুভজিৎ এর বাড়ীতে গভীর রাতে জানালার গ্রিল কেটে ডাকাত দলের সদস্যরা ঘরে প্রবেশ করে। এসময় বাড়ির সদস্যরা চিৎকার করার চেষ্টা করলে ডাকাতরা বাড়ীর সদস্যদেরকে মারপিট করে এবং স্বর্ণের চেইন, আংটি, কাঁসার থালা, বাটি, দামী কাপড়-চোপড় এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সুভজিৎ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর নড়েচড়ে বসে শিবগঞ্জ থান পুলিশ। এরপর শিবগঞ্জ থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে ১৮দিন পর বগুড়ার দুপচাচিয়া ও নন্দীগ্রাম উপজেলা এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন দুপচাচিয়া উপজেলার বানিয়া দিঘী চৌমহনী গ্রামের বাবু মিয়ার ছেলে মোঃ আকাশ (১৯), একই গ্রামের রহিম উদ্দিনের ছেলে রিমন হোসেন ওরফে তুহিন (১৭) ও নন্দীগ্রাম উপজেলার বীরপল্লি উত্তরপাড়া গ্রামের শামছুল হকের ছেলে মজনু মিয়া (৪৬)। গ্রেফতারকৃতদের নিকট থেকে কাঁসার থালা, কাঁসার বাটি ও নগদ অর্থ উদ্ধার করে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে আন্ত:জেলার ডাকাত দলের ৩ সদস্যকে কাঁসার থালা, কাঁসার বাটি ও নগদ অর্থ সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা