বগুড়া সংবাদ : জীববিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও ভালোবাসা জাগ্রত করতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) বগুড়া অঞ্চলের আঞ্চলিক পর্ব। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় জাতীয় সংগীত সমস্বরে গাওয়া হয়। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষার কার্যক্রম শুরু হয়। এবারের আয়োজনে বগুড়া অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহফুজুল ইসলাম। সভাপতিত্ব করেন বিডিবিও বগুড়া আঞ্চলিক কমিটির সভাপতি ড. এস এম ইকবাল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোকলাসুর রহমান এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুর উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তানছির বিল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বিডিবিও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ সৈয়দ জাহিদ হাসান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক।
প্রতিযোগিতার ফলাফলে জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নওশিন আনিকা। সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় একই প্রতিষ্ঠানের মাস্তুরা রফিক আদিতিয়া এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় সরকারি আজিজুল হক কলেজের মুসফিকা জান্নাতি।
এছাড়াও জুনিয়র ক্যাটাগরিতে মোট ৪৮ জন, সেকেন্ডারিতে ৪৪ জন এবং হায়ার সেকেন্ডারিতে ১৪ জন শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর অর্জন করে বিজয়ী হয়। তারা ৮ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ লাভ করে।
অনুষ্ঠানের অংশ হিসেবে পরীক্ষা শুরুর পূর্বে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। এতে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক (এনজাইম) নিরলসভাবে কাজ করেন। এছাড়াও বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
সভাপতির সমাপনি বক্তব্যে ড. এস এম ইকবাল বলেন, যারা বিভিন্ন কারণে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে পারেনি, তাদের সাথে যোগাযোগ করে পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফলাফল বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের ওয়েবসাইটে ২৪ এপ্রিল বিকাল ৫টা থেকেই পাওয়া যাবে। এবারের আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত হবে যেখানে অংশ নিবে দেশ সেরা চার জন শিক্ষার্থী।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
