সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জুলাই আন্দোলনের শহীদ কমর উদ্দিনের বাড়িতে হামলা

বগুড়া সংবাদ :  বৈষম্যবিরোধী জুলাই ছাত্র আন্দোলনে প্রাণ দেওয়া শহীদ কমর উদ্দিন বাঙ্গির পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বগুড়া সদর উপজেলার চক আকাশতারা খাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় শহীদের নাতি শিমুলসহ তিনজন আহত হন। গুরুতর অবস্থায় শিমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, রাতের দিকে বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলছিলেন শিমুল। এ সময় কয়েকজন যুবক হঠাৎ এসে তাকে ধারালো রামদা দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় শিমুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাকে বাঁচাতে গেলে দুই স্থানীয় বাসিন্দাকেও হামলাকারীরা মারধর করে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা পরে শহীদ কমর উদ্দিনের আধাপাকা বসতবাড়িতে ভাঙচুর চালায়। ঘরবাড়ি, মোটরসাইকেলসহ মূল্যবান মালামাল লণ্ডভণ্ড করে দেয় তারা। হামলাকারীরা বাড়িতে থাকা টাকা-পয়সাও লুট করে নিয়ে যায়।
শহীদ কমর উদ্দিনের মা জমেলা বেগম বলেন, আমার ছেলে দেশের জন্য জীবন দিল, আর আজ আমাদের বাড়িতেই হামলা। আমরা কি একটু শান্তিতে থাকতে পারব না? কয়েকজন যুবক হঠাৎ এসে আমাদের ঘরবাড়ি ভাঙতে শুরু করে। এমন ঘটনা কখনো দেখিনি। আমরা সুষ্ঠু বিচার দাবি করি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ আলম বলেন, শহীদ পরিবারের ওপর হামলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মামলার দায়েরের জন্য শহীদ পরিবারের প্রস্তুতি চলছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

দুপচাঁচিয়ায় দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থনে নারী পদযাত্রা

বগুড়া সংবাদ : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থনে নারী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফেব্রæয়ারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *