

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মদিনা মার্কেটের দ্বিতীয় তলায় শাখাটির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি’র বগুড়া বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এমএমজি তৌফায়েল। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ভবনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. ওয়াহিদুল ইসলাম ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ঋণ বিতরণ বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিতকরণ এবং আধুনিক ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যাংকের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জোনাল অফিসের জোনাল ম্যানেজার ও উপমহাব্যবস্থাপক মাহবুবুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন, গ্রাহক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, সাজ্জাদ হোসেন, আব্দুর রাজ্জাক এবং ভবন মালিক নুরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা রূপালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে ‘রূপালী ক্যাশ’, ‘রূপালী ই-ব্যাংকিং’ অ্যাপ, বাংলা কিউআর ও সর্বজনীন পেনশন স্কিমসহ আধুনিক ব্যাংকিং সেবাগুলো গ্রাহকদের কাছে আরও সহজলভ্য ও জনপ্রিয় করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা