সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবি

বগুড়া সংবাদ  :বগুড়া শহরের জলেশ্বরীতলায় আলতাফুন্নেছা খেলার মাঠের পাশে অবস্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির জেলা শাখা। বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে জানানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়া জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএস এ মাহমুদ ও সদস্যসচিব সুলতান মাহমুদ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, রাজনৈতিক দলের কার্যালয়ে এ ধরনের অগ্নিসংযোগের চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য ও আদর্শের ভিন্নতা থাকতেই পারে। তবে কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়া কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা কখনোই গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না।
বিবৃতিতে তাঁরা আরও বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হচ্ছে।
রাজনীতির মূল শক্তি হলো সহনশীলতা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও জনগণের প্রতি দায়বদ্ধতা উল্লেখ করে তাঁরা বলেন, সহিংসতা, অগ্নিসংযোগ কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতাকে দমিয়ে রাখা যায় না।
তাঁরা প্রত্যাশা করেন, বগুড়াসহ সারা দেশে সব রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাজনৈতিক বিরোধের সমাধান হতে হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে।
বিবৃতিতে এনসিপি নেতারা তাঁদের অবস্থান তুলে ধরে বলেন, “সহিংসতা নয়, সহাবস্থান চাই। প্রতিহিংসা নয়, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি চাই।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জিম, সাংগঠনিক সম্পাদক (দপ্তর) মো. মাইনুল ইসলাম, মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়ক আব্দুস সবুর সুমন, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া মহানগরের যুগ্ম সমন্বয়ক এফ এম মাহমুদুল হক রাকিব, বগুড়া জেলা এনসিপির সদস্য আল মোক্তাদির দীপ, যুবনেতা মহিদুল আলম মিসু, শ্রমিক নেতা স্বপ্ন, ছাত্রশক্তির সদস্যসচিব মো. সৈকত আলী ও রাব্বি মন্ডলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Check Also

বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবলটুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে চকদুর্গা বেলগাড়ী একাদশ বিজয়ী

বগুড়া সংবাদ : বগুড়ার কৈচড় বিট স্কুল মাঠে শুক্রবার বিকেলে ফাঁপোড় ইউনিয়ন বিএনপির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *