

বগুড়া সংবাদ : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অত্যাধুনিক বার্মিজ চাকু প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বগুড়ায় কিশোর গ্যাং ‘সুইট গ্রুপের’ প্রধানসহ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার এবং রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার সাংবাদিকদের এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া এলাকার মো. এরিন আহম্মেদ সুইট (১৯) এবং একই উপজেলার বিলকেশপাথার এলাকার মো. মিরাজুল (১৯)।
ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুইট নামের এক তরুণের হাতে অত্যাধুনিক বার্মিজ চাকু প্রদর্শনের একটি ভিডিও তাঁর সহযোগীর মাধ্যমে ধারণ করে ফেসবুকে আপলোড করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসন ও সচেতন নাগরিকদের নজরে আসে। পরে বগুড়ার পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি দল তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে এসআই (নিরস্ত্র) মো. রুবেল প্রামাণিকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই দুই তরুণকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের হেফাজত থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়, যার বন্ধ অবস্থায় দৈর্ঘ্য ৪ দশমিক ১ ইঞ্চি। এ ছাড়া অপরাধের কাজে ব্যবহারের অভিযোগে রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
বগুড়া ডিবি (ওসি) ইকবাল বাহার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালানো হয়। অভিযানে দুই তরুণকে গ্রেপ্তার, একটি বার্মিজ চাকু উদ্ধার ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা