

বগুড়া সংবাদ : বগুড়ার গাবতলী উপজেলার সারোটিয়া পূর্বপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা (রা.) মাদ্রাসা ও এতিমখানার সরকারি অনুদানের দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। জাল কাগজপত্র ও ভুয়া কমিটি তৈরি করে ওই টাকা উত্তোলন করার অভিযোগে শনিবার (২৯ আগস্ট) দুপুরে মহানগরের সাতমাথায় এই মানববন্ধনে প্রতিষ্ঠানের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
অভিযুক্ত বিএনপি নেতারা হলেন- গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান (সাগর) এবং গাবতলী উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক দৌলত জামান।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে পরিচালিত সারোটিয়া পূর্বপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন তহবিলে বগুড়া জেলা পরিষদ থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির বৈধ ও চলমান কমিটি থাকা সত্ত্বেও অভিযুক্ত বিএনপি নেতারা নিজেদের প্রভাব খাটিয়ে একটি ভুয়া কমিটি তৈরি করেন। পরবর্তীতে বগুড়া শহরের পার্করোড রূপালী ব্যাংক মহিলা শাখায় এতিমখানার নামে পৃথক ব্যাংক হিসাব খুলে বরাদ্দ করা অর্থ উত্তোলন করে আত্মসাৎ করেন।
এতিমখানার সদস্য নজরুল ইসলাম খান বলেন, মাদ্রাসার জন্য অনুমোদিত দুই লাখ টাকা আত্মসাৎ করতে ভুয়া কমিটি তৈরি করে ব্যাংকে হিসাব খোলা হয়েছে। আমরা জালিয়াতির মাধ্যমে উত্তোলন করা টাকা অবিলম্বে ফেরত চাই এবং ভুয়া কমিটি ও ব্যাংক হিসাব বাতিলের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে এতিমখানার সাধারণ সম্পাদক ও পরিচালক মোছাঃ শারমিন সুলতানা জানান, বিষয়টি জানার পর জেলা পরিষদ প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। জেলা পরিষদ প্রশাসক উভয় পক্ষকে ডেকে শুনানি শেষে অপরাধ স্বীকার করায় ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। তবে সেই নির্দেশ তারা বাস্তবায়ন করেননি। এ ঘটনায় গাবতলী মডেল থানায় গত ২৭ জুলাই একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়। যা বর্তমানে তদন্তাধীন।
তিনি বলেন, জালিয়াতির প্রতিবাদ করায় এবং আইনি পদক্ষেপ নেওয়ায় তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্তরা দলীয় পদে থাকার কারণে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বগুড়া জেলা বিএনপি’র সরাসরি হস্তক্ষেপ দাবি করেন তারা।
মানববন্ধন থেকে আত্মসাৎ করা অর্থ উদ্ধার, ভুয়া কমিটি ও ব্যাংক হিসাব বাতিল, অভিযুক্তদের দলীয় পদ থেকে বহিষ্কার এবং আইনানুগ ব্যবস্থার দাবি জানানো হয়। এসময়র আরও বক্তব্য রাখেন মাদ্রাসা ও এতিমখানার সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, প্রচার সম্পাদক মোস্তাফিজার রহমান খান, শিক্ষিকা শাকেরা আক্তার, আলম, দুলু, এরশাদ প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা