

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাহ এয়তবারিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এবং শিক্ষক ও এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আধাঘণ্টাব্যাপী দুপচাঁচিয়া-তালোড়া সড়কের গোয়াবান্ধা এলাকায় মাদ্রাসার সামনে এ মানববন্ধনের আয়োজন করেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য দেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সাবেক প্যানেল মেয়র আলহাজ মাশারফ হোসেন মুন্সী সেলিম, সৈয়দ আবু হাসান আজাদ, সালার আজম চৌধুরী, মাদ্রাসার উপাধ্যক্ষ মাশাররফ হোসাইন এবং সহকারী অধ্যাপক আশরাফুল আলম পলাশসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি প্রতিষ্ঠানের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন এবং প্রায় ২২ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতাদি উত্তোলন করেছেন বলে দাবি করেন তারা।
তাদের অভিযোগ, অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করায় শিক্ষক ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নিয়মবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ দিয়ে অডিটের নামে অর্থ আত্মসাতেরও অভিযোগ তোলা হয়।
বক্তারা আরও বলেন, গভর্নিং বডি গঠনের ক্ষেত্রেও নিজের পছন্দের সদস্যদের অন্তর্ভুক্ত করে তিনি প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষুণ্ন করেছেন। তারা অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগের সুষ্ঠু তদন্ত, আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষক-এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা