
বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশরাফ আলী (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চকহবিবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম প্রামানিক। তিনি শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং বগুড়া শহরের মালতিনগর এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আশরাফ আলী মোটরসাইকেলযোগে নাগর বন্দর থেকে কুড়াহার দিকে যাচ্ছিলেন। পথে লালদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি আলুবোঝাই ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এবং চাকার নিচে পিষে ফেলে।
এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দা জানান, দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে নিহতের মরদেহ চাকার নিচে পিষ্ট হয়ে বিকৃত হয়ে যায়। ঘটনার পর পরই স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের সঙ্গে থাকা কাগজপত্র দেখে পরিচয় শনাক্ত করার চেষ্টা করেন এবং দ্রুত পুলিশকে খবর দেন।
পরে শিবগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও আলুবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার আকস্মিক মৃত্যুতে শিক্ষা অঙ্গন ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা