সর্বশেষ সংবাদ ::

কাহালুতে জমি দখল নিয়ে বিরোধ: প্রতিপক্ষকে ফাঁসাতে ধানে কীটনাশক প্রয়োগের অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার কালাই কর্নিপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে ধানক্ষেতে কীটনাশক প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছমির উদ্দিন ওরফে কুদ্দুস গত ২৫ এপ্রিল কাহালু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কালাই কর্নিপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে ছমির উদ্দিন ও তার মা রইচুন বিবি দাগ নং-১৩৩৭৬ (সাবেক ৫৭৮৬) এর ২১ শতক জমি ১৯৯৭ সাল থেকে কবলা দলিলমূলে ভোগদখল করে আসছেন। তবে রেকর্ডে ভুল থাকায় একই গ্রামের রকিব উদ্দিনের ছেলে আছাদ আলী ওই জমি জবরদখল করে চলতি ইরি-বোরো মৌসুমে ধান রোপণ করেন বলে অভিযোগ করা হয়।
কুদ্দুস অভিযোগে আরও উল্লেখ করেন, জমির রেকর্ড সংশোধনের জন্য তিনি কাহালু সিভিল জজ আদালতে মামলা (নং-১৯/২০২৬) দায়ের করেছেন। এ অবস্থায় প্রতিপক্ষ আছাদ আলী তাকে ফাঁসাতে নিজেই জমিতে বিষ প্রয়োগ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা প্রচার চালাচ্ছেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে তিনি ফেসবুকে প্রতিবাদও জানান।
এছাড়া গত ২৪ এপ্রিল রাতে অজ্ঞাত ব্যক্তিরা তার বাড়ির গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু-বাছুর চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা। পরদিন সকালে গরু খোঁজার সময় তার বোনের মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে ভয়ভীতি দেখিয়ে বিকাশে ১০ হাজার টাকা দাবি করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত আছাদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কাহালু থানার এসআই জসিম উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

‎দৈনিক করতোয়া ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষে ‎গাবতলী প্রেসক্লাবে কেক কর্তন ও ‎আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *