সর্বশেষ সংবাদ ::

পোস্টমাস্টারের বাড়িতেই চলছে পোস্ট অফিসের কার্যক্রম

বগুড়া সংবাদ : নিজস্ব ভবন না থাকায় দীর্ঘদিন ধরে পোস্টমাস্টারের ব্যক্তিগত বাড়িতে পরিচালিত হচ্ছে দুপচাঁচিয়া উপজেলার গাবিদপুর পোস্ট অফিসের কার্যক্রম। এতে একদিকে সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকট নিয়ে উঠছে নানা প্রশ্ন।

জানা যায়, ১৯৭৬ সালে আদমদীঘি উপজেলার নসরতপুর পোস্ট অফিসের শাখা হিসেবে গাবিদপুর পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়। শুরুতে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে কার্যক্রম চললেও পরে একটি মাটির ঘরে স্থানান্তর করা হয়। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে সেটি পরিত্যক্ত এবং সেখানে গবাদিপশুর বিচরণ দেখা যায়।

এ অবস্থায় পোস্টমাস্টার নিজ বাড়ির একটি কক্ষে অফিস পরিচালনা করছেন।

স্থানীয় বাসিন্দা গোলজার ও আব্দুর রশিদ জানান, অস্থায়ী এ ব্যবস্থায় ডাক গ্রহণ-বিতরণ, সঞ্চয়পত্র ও মানি অর্ডারসহ বিভিন্ন সেবা প্রদান করা হলেও জায়গার সংকট প্রকট। এছাড়া ব্যক্তিগত বাড়িতে অফিস হওয়ায় গোপনীয়তা ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।

সেবাগ্রহীতাদের দাবি, দ্রুত একটি স্থায়ী সরকারি ভবন নির্মাণ অথবা অন্তত উপযুক্ত ভাড়া করা স্থানে পোস্ট অফিস স্থানান্তর করা হোক।

এ বিষয়ে পোস্টমাস্টার সকদার আলী মল্লা বলেন, “ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার কথা থাকলেও চেয়ারম্যানের সহযোগিতা না পাওয়ায় বাধ্য হয়ে নিজ বাড়িতে অফিস চালাতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হাসান মল্লিক বলেন, “লিখিত অভিযোগ পেলে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জায়গা বা ঘরের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।”

বগুড়া বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আনোয়ার হোসেন জানান, “ভবন সংকট শুধু এই এলাকায় নয়, সারা দেশের বিভিন্ন পোস্ট অফিসেই রয়েছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সমাধানের চেষ্টা চলছে।”

Check Also

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আলোচনায় যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম

বগুড়া সংবাদ : বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *