সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা – বিচারের দাবিতে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

বগুড়া সংবাদ : বগুড়ায় ছোট বোনকে উত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ফাহিম হোসেন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তনয় নামে এক বখাটের বিরুদ্ধে। শনিবার সকালে শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম হোসেন বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। শহরের ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন বলে শহর ছাত্রদল সুত্রে জানা যায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাটিডালী গ্রামের তনয় নামের এক যুবক নিহত ফাহিমের ছোট বোন রিমিকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন। এ নিয়ে একাধিকবার প্রতিবাদ হয়েছে। গেল দেড় বছর আগে রিমির বিয়ে হয়েছে সেতু নামে এক যুবকের সাথে। তিন মাস আগে তনয় ফাহিমের দুলাভাই সেতুকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় থানায় অভিযোগ করে। এনিয়ে মিমাংসা হয়েছে বলে জানান স্বজনরা।
এরমধ্যে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফাহিম মাটিডালী এলাকায় যাওয়ার পথে বিমানমোড় এলাকায় পৌঁছালে তনয় তার পথরোধ করে ছুরিকাঘাত করে তিনি পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের দুলাভাই সেতু বলেন, বোনকে উত্যক্তের ঘটনার জের ধরেই এ হত্যাকান্ড ঘটেছে। তাকেও মাস তিনেক আগে ছুরিকাঘাত করেন তনয় বিয়ের আগেও বিরক্ত করতো, বিয়ের পরেও বিরক্ত করতো। তিনি ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
নিহতের ভাই শাহীন, এ ঘটনায দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
সাবেক পৌর কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, ঐ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তর শাস্তি দাবি করেন।
এদিকে বেলা সাড়ে ৩টার দিকে ফাহিমের লাশ নিয়ে বগুড়া শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এসময় নিহত ফাহিমের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে।
অবরোধকালে ফাহিমের বাবা আব্দুর রশিদ ও তার স্বজনরা বলেন, ২৪ ঘন্টার মধ্যে তনয়কে গ্রেপ্তার করতে হবে। অভিযুক্ত তনয় সহ এঘটনায় যারা জড়িত তাদের সকলকে গ্রেপ্তার করে দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি জানান।
ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ ঘটনাস্থল উপস্থিত হন। এসময় তিনি অতিদ্রুত ফাহিম হত্যার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নিয়ে বাড়িতে চলে যায় অবরোধকারীরা।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর মাহফুজ আলম বলেন, প্রাথমিকভাবে বোনকে উত্যক্ত করার জেরেই হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তনয়ের নাম উল্লেখ করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Check Also

শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটোচালক কমিটির অভিষেক অনুষ্ঠান

বগুড়া সংবাদ :(রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *