সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম

বগুড়া সংবাদ :  উৎসবমুখর পরিবেশে ভোটের আজেম বিরাজ করছে বগুড়ায়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলাজুড়ে বইছে উৎসব-উদ্দীপনা। ভোটগ্রহণের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এদিন সকাল ১০টা থেকেই কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ ১৭ ধরনের নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। আর শেষ হয় বিকেলে।
সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন উপজেলা প্রশাসন কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী মালামাল সংগ্রহ করেন। এসময় বগুড়া সদর উপজেলার সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সদস্য পল ক্যামেলিয়ার ও ইভিলিন কিভিমা। তারা ভোটগ্রহণের প্রস্তুতি ও সরঞ্জাম বিতরণের স্বচ্ছতা তদারকি করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, সদর থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ।
বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বগুড়ার সাতটি সংসদীয় আসনের ১২টি উপজেলায় মোট ৯৮৩টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ৫ হাজার ৪৭৮টি। এর মধ্যে ৫ হাজার ১৪৮টি স্থায়ী এবং ৩৩০টি অস্থায়ী ভোটকক্ষ নির্মাণ করা হয়েছে। বগুড়া সদর আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে পৌরসভা এলাকায় ৮৬টি এবং ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রকে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ জানান, সকাল ১০টা থেকে আমরা ব্যালট পেপারসহ সব ধরনের সামগ্রী বিতরণ শুরু করেছি। এবার বাড়তি সতর্কতা হিসেবে বগুড়া সদরের ১৫০টি কেন্দ্রের সবকটিতেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের মোবাইল টিম। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।
এদিকে বগুড়া-৬ (সদর) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৭টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। বগুড়া জেলায় ১২টি উপজেলা ও ১১টি পৌরসভা রয়েছে। জাতীয় সংসদের ৭টি আসনে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৭১ জন, নারী ভোটার ১৫ লাখ ১ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪২ জন।
এদিন বগুড়া সদর উপজেলা ছাড়াও সারিয়াকান্দি, সোনাতলা, কাহালু, নন্দীগ্রাম, শেরপুর, ধুনটসহ অন্যান্য উপজেলার ভোটকেন্দ্রগুলো নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।

Check Also

বগুড়ার গাবতলীতে নানা উন্নয়নের প্রতিশ্রুতিতে ভোট চাইলেন এমপি প্রার্থী মিল্টন

বগুড়া সংবাদ  : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি: বগুড়া ৭ নির্বাচনী এলাকা গাবতলী – …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *