সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা শোক প্রকাশে বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান

বগুড়া সংবাদ :  বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোক ও শ্রদ্ধা প্রকাশে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন মার্কেট, কাঁচাবাজার, হোটেল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
এদিন বিকেল সাড়ে ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। এ সময় আবেগে অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। জানাজা শেষে মুসল্লিরা দু’হাত তুলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
জানা যায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মী ও সমর্থকই নয়, সাধারণ মানুষও গভীর শোকে নিমজ্জিত হয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শহরের বিভিন্ন দেয়াল, বিপণিবিতান, দোকান ও বাজারে শোকবার্তা সংবলিত ব্যানার টাঙানো হয়।
বুধবার সকাল থেকে থানা রোড, কবি নজরুল ইসলাম সড়ক ও কাঠালতলা এলাকার নিউ মার্কেট, ছহির উদ্দিন মার্কেট, পুকুরপাড় নিউ মার্কেট, বিআরটিসি শপিং কমপ্লেক্স, আল-আমিন কমপ্লেক্সসহ অধিকাংশ মার্কেট বন্ধ থাকতে দেখা যায়। এছাড়া শহরের প্রধান কাঁচাবাজার রাজাবাজার ও ফতেহ আলী বাজারের দোকানপাটও বন্ধ ছিল। মার্কেটগুলোর গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং প্রবেশমুখে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
ব্যবসায়ী নেতারা জানান, বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশের অংশ হিসেবে সারাদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Check Also

একটা দল মুসলমানদের বেহেশতের লোভ দেখায়, আর হিন্দুদের ঢাকের তালে উলুধনি দেয়। —প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ  :হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের দাসত্ব করে না উল্লেখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *