সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় SICIP-BJMA প্রশিক্ষণার্থীদের চাকরির নিশ্চয়তা দিল হাসান জুট মিলস লিমিটেড

বগুড়া সংবাদ  : বগুড়ায় SICIP-BJMA প্রশিক্ষণার্থীদের চাকরির নিশ্চয়তা দিল হাসান জুট মিলস লিমিটেড।প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পাটশিল্পে ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘জব কাউন্সেলিং প্রোগ্রাম’।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বগুড়া সদরের ইসলামপুর (হরিগাড়ী) এলাকায় হাসান জুট মিলস লিমিটেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)-এর আওতায় SICIP-BJMA প্রোগ্রামের জব প্লেসমেন্ট অ্যান্ড ডেটাবেজ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতা করে হাসান জুট মিলস লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান জুট মিলস লিমিটেডের নির্বাহী পরিচালক দেওয়ান সাদেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এস এম এমদাদুল হক। এছাড়া উপস্থিত ছিলেন SICIP-BJMA প্রোগ্রামের জব প্লেসমেন্ট অ্যান্ড ডেটাবেজ বিভাগের সমন্বয়ক মো. রফিকুল ইসলাম, সেন্টার ইনচার্জ তাবরিজ আহমেদ, মিল ম্যানেজার গোলাম রব্বানী বাবুসহ এবং সংশ্লিষ্ট প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সহ অনেকেই ।

অনুষ্ঠানের শুরুতে মো. রফিকুল ইসলাম জব কাউন্সেলিং প্রোগ্রামের উদ্দেশ্য এবং কর্মসংস্থানে কারিগরি দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে উপযুক্ত চাকরির সুযোগ খুঁজে নেওয়া এবং নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেন।

স্বাগত বক্তব্যে তাবরিজ আহমেদ পাটশিল্পে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা করেন। তিনি প্রশিক্ষণার্থীদের কারিগরি জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে একজন ছেলে ও একজন মেয়ে প্রতিনিধি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, দক্ষতার উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার-পরিকল্পনা তুলে ধরেন।

কারিগরি ক্যারিয়ার বিষয়ক আলোচনায় বগুড়া টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এস এম এমদাদুল হক শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা, কর্মক্ষেত্রের শৃঙ্খলা, পেশাগত নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পাটশিল্পে ক্যারিয়ার উন্নয়নের সুযোগ কাজে লাগাতে প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও পেশাদার আচরণ বজায় রাখার পরামর্শ দেন।

নিয়োগদাতার দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধান অতিথি দেওয়ান সাদেকুর রহমান নিয়োগের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা, উৎপাদনশীলতা ও পেশাদার আচরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি পাটশিল্পে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে প্রশিক্ষণার্থীদের কাজের প্রতি আন্তরিকতা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশিক্ষণ শেষে সনদপ্রাপ্ত প্রশিক্ষনার্থীদের হাসান জুট মিলস লিঃ এর চাকরির নিশ্চয়তা প্রদান করেন।

পরবর্তী জব কাউন্সেলিং সেশনে মো. রফিকুল ইসলাম জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি, চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি, চাকরি খোঁজার কৌশল এবং প্রশিক্ষণ থেকে কর্মসংস্থানে প্রবেশের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেন। এ সময় ক্যারিয়ার উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে প্রশিক্ষণার্থীরা চাকরি ও কর্মক্ষেত্রসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। আয়োজক দলের সদস্যরা তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকদের মতে, এ ধরনের জব কাউন্সেলিং কার্যক্রম প্রশিক্ষণার্থীদের চাকরির প্রস্তুতি জোরদার করার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে তুলতে এবং প্রশিক্ষণ থেকে কর্মসংস্থানে যাওয়ার পথ সুগম করতে সহায়ক ভূমিকা রাখবে।।

Check Also

শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বগুড়া সংবাদ  : (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *