সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বগুড়ার জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, মায়েরা ও বোনেরা শিক্ষিত হলে জাতিকে শিক্ষিত করা সম্ভব। তাই প্রত্যেক নারীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি বলেন, নারী জাতিকে সম্মানিত করতে বেগম খালেদা জিয়া মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে একটি শিক্ষিত জাতি গঠন করা সম্ভব।

বৃহস্পতিবার ১৫ অক্টোবর কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মাহবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা আরও বলেন, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলোকে সহযোগিতা করা হচ্ছে। বর্তমানে নারীরা মন্ত্রী, সচিব, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সারাদেশে ৮০ হাজার নারী নার্স নিয়োগ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের বড় নেতারা বিদেশে অবস্থান করছেন, আর ছোট নেতারা জেল খাটছেন। অন্যদিকে, গত ১৭ বছর বিএনপির প্রতিটি নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও দেশে অবস্থান করেছেন।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে উন্নয়নের পথে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। এ জন্য সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

জাহেদুর রহমান মহিলা ডিগ্রি কলেজকে সরকারি করার বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে রেজাউল করিম বাদশা বলেন, কলেজটি সরকারি করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন এবং বিএনপি নেতা মাহফুজার রহমান মাফু প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ায় জামায়াতের শর্টপীচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত শর্টপীচ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *