

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে পেট্রল পাম্পের পার্কিংয়ে রাখা খড়ভর্তি একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় আনিকা ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
জানা গেছে, কাহালু উপজেলার শিকড় গ্রামের ট্রাকচালক রাসেল যশোর-ড-১১-১০৮১ নম্বর ট্রাকটি প্রতিদিনের মতো নওগাঁ থেকে খড় নিয়ে আসেন। পরদিন সকালে কালিয়াপুকুর মাজারের কাছে খড়গুলো আনলোড করার কথা থাকায় রাতে ট্রাকটি মহাসড়কের পাশে আনিকা ফিলিং স্টেশনের পার্কিংয়ে রাখা হয়। পরে ট্রাকের খড়ে আগুন ধরে যায়।
অগ্নিকাণ্ডে ট্রাকে থাকা খড় পুড়ে আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা