
বগুড়া সংবাদ :বগুড়ার দুপচাঁচিয়ায় পিকআপভ্যান ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মফছর আলী ফকির (৬০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানে থাকা মা-মেয়ে গুরুতর আহত হয়েছেন।
নিহত মফছর আলী উপজেলার চামরুল ইউনিয়নের চামরুল গ্রামের মৃত আসামুদ্দিন ফকিরের ছেলে। আহতরা হলেন—মাবিয়া বেগম (৭০) ও তার মেয়ে রহনা বেগম (৪৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মফছর আলী যাত্রী নিয়ে বড়াগ্রাম থেকে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন। পথে পাকরাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপভ্যান অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোভ্যানচালক মফছর আলীকে মৃত ঘোষণা করেন। আহত মা-মেয়ের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা পিকআপভ্যানটি আটক করার পাশাপাশি এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনতা একজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা