সর্বশেষ সংবাদ ::

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ-২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

বগুড়া সংবাদ   রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) : বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং শারীরিক শিক্ষা শিক্ষকদের অংশগ্রহণে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন-একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তাঁর নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে।

তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি দেশের তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি জাতীয় উদ্যোগ। শহর-গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেই লক্ষ্য নিয়েই এ আয়োজন।

মীর শাহে আলম আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার পরিবেশ গড়ে তোলা, মাঠ সংরক্ষণ, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এসময় তিনি আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ফুটবল প্রদান করেন প্রতিমন্ত্রী।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি উপস্হাপনা করেন প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির সদস্য প্রধান শিক্ষক হারুনুর রশিদ মাষ্টার ও প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

Check Also

কিশোরগঞ্জে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে অধ্যক্ষ শাহাবুদ্দিন ফ্যাসিবাদী ধারায় নয়, জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে

বগুড়া সংবাদ  : শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *