

বগুড়া সংবাদ : প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। কর্মসূচিতে তানভীরের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ এবং শহরের বিভিন্ন স্থানে টাঙানো এনসিপি নেতাদের ব্যানার-পোস্টার অপসারণ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
শনিবার (১ আগস্ট) বেলা ২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। মিছিল পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
মিছিলটি সাতমাথায় পৌঁছালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাজী সালাউদ্দিন তানভীরের কুশপুত্তলিকা দাহ করেন এবং তাতে জুতা নিক্ষেপ করেন। এ সময় সাতমাথা এলাকার বিভিন্ন সাইনবোর্ড ও বিলবোর্ডে টাঙানো এনসিপির কেন্দ্রীয় নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ব্যানার-পোস্টার অপসারণ করা হয়। কয়েকটি ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি কয়েকটিতে আগুনও দেওয়া হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কোনো ধরনের অশালীন মন্তব্য গ্রহণযোগ্য নয়। তারা দাবি করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত বা পারিবারিকভাবে কটূক্তি রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
ছাত্রদল নেতারা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বিভিন্ন বক্তব্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বগুড়াসহ সারা দেশে গাজী সালাউদ্দিন তানভীর ও নাসির উদ্দিন পাটোয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি জানান।
সমাবেশে আরও বলা হয়, রাজনৈতিক বক্তব্যে শালীনতা ও দায়িত্বশীলতা বজায় রাখা উচিত। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর, সহসভাপতি মশিউর, যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদ হোসেন, সহসাধারণ সম্পাদক জিতু, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রকিবুল ইসলাম, সদস্যসচিব রাফিউল আলামিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হীরা, সদস্যসচিব সোহাগ, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসাইনসহ জেলা ছাত্রদল এবং ২৮টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা