
বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় মালবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৪২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় (২৫) নামে এক সহকারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আনোয়ার হোসেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হাসানদেবপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে।
বুধবার (১৭ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার তিষীগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে আমবোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে আসছিল। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন ও তার সহকারী হৃদয় গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত হৃদয়ের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা