

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর গ্রামে দেড় যুগ ধরে সংস্কার হয়নি একটি সংকীর্ণ সড়ক। দীর্ঘ দিন ধরে সংস্কার বিহীন অবস্থায় পড়ে থাকা রাস্তাটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থী, রোগী, প্রতিবন্ধী ব্যক্তি ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগী সাব্বির হাসান, বোরহান, মুন্নীর অভিযোগ, নিয়মিত পৌর কর পরিশোধ করলেও তারা পাচ্ছেন না ন্যূনতম নাগরিক সুবিধা। এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে গত রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে সান্তাহার পৌর শহরের বশিপুর এলাকায় জনৈক মতিন নামের এক ব্যক্তি বাড়ি নির্মাণের সময় চলাচলের জন্য কোনো রাস্তা রাখেননি। সরকারি নিয়মনীতি অনুযায়ী বসত বাড়ি নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় রাস্তা রাখার বিধান থাকলেও তা মানা হয়নি। এরপর থেকেই এই সংকীর্ণ পথে চলাচলকারী এলাকাবাসী কার্যত বিচ্ছিন্ন অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৪০ জন মানুষের স্থায়ী বসবাস রয়েছে। কিন্তু চলাচল উপযোগী রাস্তার অভাবে প্রতিদিনই নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এলাকার একজন প্রতিবন্ধী ব্যক্তি। উপযুক্ত রাস্তা না থাকায় তার স্বাভাবিক চলাফেরা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এছাড়াও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, রোগীদের জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, মোটরসাইকেল কিংবা ভ্যানে করে প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে নেওয়ার মতো পরিস্থিতিও নেই। বৃষ্টির সময় দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে।
ফেরদৌস হোসেন নামের স্থানীয় বাসিন্দা জানান, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে মরদেহ খাটিয়ায় করে নেওয়ার মতো ন্যূনতম চলাচলের ব্যবস্থাও নেই। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত বেদনা দায়ক। দীর্ঘ দিন ধরে সমস্যাটির সমাধান না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরজমিনে পরিদর্শন করে দ্রুত নিরসন করা হবে।