বগুড়া সংবাদ: উত্তরবঙ্গের প্রথম ও সর্ববৃহৎ পোল্ট্রি, ডেইরি ও পেট এনিমেলের আধুনিক চিকিৎসা ও পরীক্ষাগার সেবাকেন্দ্র “ভেট-ওয়ার্ল্ড ডায়াগনস্টিক এন্ড পেট ক্লিনিক, বগুড়া”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে বগুড়া শহরের গোহাইল রোড সুএাপুর এলাকায় এ প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কাজী আশরাফুল ইসলাম। তিনি বলেন, প্রাণির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের পাশাপাশি আধুনিক ডায়াগনস্টিক ব্যবস্থার মাধ্যমে সঠিক চিকিৎসা নিশ্চিত করা এখন সময়ের দাবি। একই সঙ্গে তিনি প্রাণিসম্পদ সুরক্ষায় বিদ্যমান আইন ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ প্রাণিসম্পদের চিকিৎসায় আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির ভূমিকা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। তাঁরা বলেন, আধুনিক ল্যাব সুবিধা ও উন্নত চিকিৎসা ব্যবস্থা প্রাণিসম্পদ উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী ডা. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভেট-ওয়ার্ল্ড ডায়াগনস্টিক এন্ড পেট ক্লিনিক প্রাণিসম্পদ খাতে একটি যুগান্তকারী সংযোজন হিসেবে কাজ করবে।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান, ভেটেরিনারি অফিসার ডা. মোঃ সোহেল রানা, জেলা ট্রেনিং অফিসার ডা. মোঃ মামুন-অর-রশিদ, বিএআরআই বগুড়ার পিএসও (ইনচার্জ) কৃষিবিদ মাহমুদুল হাসান (সুজা), ডিডিএআই ডা. গোপেশ চন্দ্র সরকার, আরডিএ বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ এ.কে.এম ফজলুল করিম (রাঙ্গা) এবং নিউটেক ফার্মাসিউটিক্যাল্স লিঃ-এর ডিরেক্টর (ফাইন্যান্স) আহসান জামিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভেট-ওয়ার্ল্ড ডায়াগনস্টিক এন্ড পেট ক্লিনিক পোল্ট্রি, ডেইরি ও পোষা প্রাণির জন্য আধুনিক পরীক্ষা-নিরীক্ষা, রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করে উত্তরবঙ্গের প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শেষে প্রাণিসম্পদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
