সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বাড়ি নির্মাণে বাধা ও চাঁদা দাবির অভিযোগ বিধবা নারীর

বগুড়া সংবাদ : বগুড়ায় পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা, জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোছা. রোকসানা খানম নামে এক বিধবা নারী। একই সঙ্গে তাকে ভূমিখেকো আখ্যা দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন তিনি। বুধবার (৪ নভেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রোকসানা খানম বলেন, বগুড়া শহরের খান্দার এলাকায় মালগ্রাম মৌজায় তার স্বামী ও দেবরের পৈতৃক সূত্রে পাওয়া এবং পরিবারের কাছ থেকে ক্রয় করা মোট ১৩ দশমিক ২১ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ১১ শতাংশ জমিতে নকশা অনুমোদন নিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেছেন তিনি। বাকি ২ দশমিক ২১ শতাংশ জমি অন্যের দখলে রয়েছে। এ নিয়ে আদালতে মামলা করেছেন। যা বর্তমানে বিচারাধীন।
তিনি অভিযোগ করেন, গত ২৭ অক্টোবর ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিরু পশারী ও তার লোকজনের সংবাদ সম্মেলনে তাকে ভূমিখেকো আখ্যা দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে বেদখল হওয়া জমি ফিরে পাওয়ার চেষ্টা করায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
রোকসানার অভিযোগ, বাড়ি নির্মাণের শুরু থেকেই যুবদল নেতা সাদ্দাম ও তার লোকজন বিভিন্নভাবে বাধা দিয়ে আসছেন। পুরোনো স্থাপনা বিনামূল্যে দেওয়ার পাশাপাশি নির্মাণসামগ্রী তার কাছ থেকে কেনার জন্য চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাকে বাড়ি নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া চাঁদা দেওয়ার অভিযোগও করেন তিনি।
এসব ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে গত ২৬ অক্টোবর বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানান রোকসানা। তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, জমির নিরাপত্তা এবং বাড়ি নির্মাণ নির্বিঘ্ন করার দাবি জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

Check Also

বগুড়ায় বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন টুকুর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন টুকু তাঁকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *