
বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোছাঃ আরমিন খাতুনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকালে বগুড়া শহরের সাতমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা আরমিনের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহত আরমিনের মা মোছাঃ জান্নাতুল ফেরদৌস (মিনতি) অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে বালিশচাপা দিয়ে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।
পরিবারের তথ্য অনুযায়ী, নিহত আরমিন খাতুনের স্থায়ী বাড়ি বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামে। তাঁর বাবা মোঃ আনিছুর রহমান প্রাং। আরমিনের স্বামী মোঃ শাওনের (২০) বাড়ি শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকার রহিমাবাদ দক্ষিণপাড়ায়। তাঁর বাবা সিরাজুল ইসলাম। এ ঘটনায় শাওন ছাড়াও শারমিন, জেসমিন ও সুলতানের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের মা।
নিহতের পরিবারের অভিযোগ, গত ২১ অক্টোবর দুপুর আনুমানিক দেড়টার দিকে স্বামীর বাড়িতে আরমিনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ওই দিন রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের মায়ের দাবি, ঘটনার পর বিভিন্নজনের কাছ থেকে তথ্য জানতে পেরে তাঁর মেয়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ হয়। এ বিষয়ে থানায় যোগাযোগ করার পর বিচার চাইতে গেলে শাজাহানপুর থানার এসআই সালাম তাঁকে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি না করে আপস-মীমাংসার পরামর্শ দেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া নিহতের মায়ের অভিযোগ, পরবর্তী সময়ে অভিযুক্ত পক্ষের বাড়িতে স্থানীয়ভাবে দরবার চলাকালে তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
নিহতের মা আরও জানান, ন্যায়বিচারের আশায় তিনি বগুড়ার জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন নারীর রহস্যজনক মৃত্যুর প্রকৃত ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা জরুরি। কোনো ধরনের প্রভাব বা চাপ যেন তদন্তকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে।
মানববন্ধন থেকে নিহত আরমিনের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা