

বগুড়া সংবাদ : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ।
আহত আনসার সদস্যরা হলেন-মোস্তাফিজুর, আনোয়ার হোসেন, শাহীন ও আজাদ। তাঁদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে বলে জানা গেছে। আহত চারজনকে শজিমেক হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, বুধবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণকে তাঁর কয়েকজন বন্ধু শজিমেক হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের সামনে রোগীকে ট্রলিতে নেওয়াকে কেন্দ্র করে ট্রলিম্যানদের সঙ্গে ওই যুবকদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই যুবকেরা এক ট্রলিম্যানকে মারধর করতে শুরু করেন। পরিস্থিতি দেখে টহলরত আনসার সদস্যরা এগিয়ে গিয়ে ট্রলিম্যানকে উদ্ধার করেন এবং আহত তরুণকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। ওই যুবকেরা দলবদ্ধ হয়ে ফের ট্রলিম্যানকে খুঁজতে শুরু করেন। তাঁকে দ্বিতীয় দফায় মারধর করা হলে আনসার সদস্যরা বাধা দিতে এগিয়ে আসেন। এ সময় আনসার সদস্যদের ওপরও হামলা চালানো হয়।
বগুড়া জেলা আনসার কমান্ড্যান্ট গোলাম মাওলা তুহিন জানান, হামলাকারীদের কাছে চাকু বা ধারালো অস্ত্র ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে।
বগুড়া গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, ট্রলি আনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকজন তরুণ আনসার সদস্যদের ওপর চড়াও হয়ে মারধর করেন। এতে চার আনসার সদস্য আহত হন। তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত রোগীর চার বন্ধুকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা