

বগুড়া সংবাদ : সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখা। আজ সোমবার (৭ সেটেম্বর) এ উপলক্ষে সংগঠনটির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বগুড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এবং বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীনকে নিসচা বগুড়া জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় নিসচা কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রকাশিত স্মরণিকা ‘নিরাপদ’ বই জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশনের প্রশাসকের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। একই সঙ্গে নিসচা বগুড়া জেলা শাখার নবগঠিত কমিটির তালিকাও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।সাক্ষাৎ ও মতবিনিময়কালে বগুড়ার সড়ক নিরাপত্তা পরিস্থিতি, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিরোধে করণীয়, ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালকদের সচেতনতা বৃদ্ধি, পথচারীদের নিরাপদ চলাচল এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
নিসচা নেতৃবৃন্দ বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর পাশাপাশি চালক, পথচারী, শিক্ষার্থী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা জরুরি। সড়ক ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণ এবং ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে নিয়মিত প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচি প্রয়োজন।তারা আরও বলেন, বগুড়ায় সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সংশ্লিষ্ট সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা দরকার। বিশেষ করে ঝুঁকিপূর্ণ সড়ক ও মোড় চিহ্নিতকরণ, সড়কে অবৈধ পার্কিং ও যানজট নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা, পথচারী পারাপারের নিরাপদ ব্যবস্থা এবং ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকেও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনসচেতনতা তৈরির কার্যক্রমে সহযোগিতা এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নিসচা বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ ভবিষ্যতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, সড়ক নিরাপত্তা বিষয়ক প্রচারণা ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে নিসচা বগুড়া জেলা শাখার সভাপতি হাসান আলী আলাল, সহ-সভাপতি মানিক মাহমুদ ও বাবু বসুধা, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সহ-সাধারণ সম্পাদক রায়হান, কোষাধ্যক্ষ সাকিব ইসলাম খান, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান বিপ্লবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিসচা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসনের সহযোগিতা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় বগুড়ার সড়কগুলো আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ হয়ে উঠবে এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা