

বগুড়া সংবাদ : কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বগুড়া শাখার উদ্যোগে এই রথযাত্রার আয়োজন করা হয়। রথ টানতে দুপুরের পর থেকেই সেউজগাড়ি ইসকন মন্দির প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন হাজারো ভক্ত। একপর্যায়ে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এর আগে সকালে মঙ্গলযজ্ঞ ও বিশেষ নামকীর্তনের মাধ্যমে দিনব্যাপী উৎসবের সূচনা হয়। দুপুরে ধর্মীয় আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণের পর শুরু হয় রথযাত্রার মূল আনুষ্ঠানিকতা। বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য এই রথযাত্রার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সাধারণ সম্পাদক সুজিত জয়সওয়াল বলেন, আজকের রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রায় ১০ থেকে ১২ হাজার ভক্তের ঢল নেমেছিল। রথটি সেউজগাড়ি ইসকন মন্দির থেকে শুরু হয়ে শহরের সাতমাথা ও কালীতলা মোড় প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে ফিরে আসে।
উৎসবের ধর্মীয় তাৎপর্য তুলে ধরে ইসকন বগুড়ার সভাপতি খরজিতা কৃষ্ণ দাস বলেন, জগন্নাথ দেব হলেন জগতের নাথ। ভক্তদের বিশ্বাস, রথের রশিতে টান দিলে মানুষের পরম মুক্তি লাভ হয়। এই আধ্যাত্মিক চেতনাকে ধারণ করেই প্রতি বছর মহাসমারোহে এই উৎসব করা হয়।
উৎসবে অংশ নেওয়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী অনন্যা চাকী বলেন, রথযাত্রার জন্য আমরা সারা বছর উন্মুখ হয়ে থাকি। আমাদের প্রার্থনা জগন্নাথ দেব যেন সবার মঙ্গল করেন।
রথের দড়ি স্পর্শ করে জয়ন্ত দেব নামের এক ভক্ত আবেগাপ্লুত হয়ে বলেন, জগন্নাথ দেব বছরে একবারই ভক্তদের দর্শন দিতে বাইরে আসেন। এই যাত্রা সবার জন্য চিরকল্যাণ বয়ে আনুক।
পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বগুড়া শহরের তিনটি প্রধান পয়েন্ট সেউজগাড়ি, শিবগঞ্জ ইসকন মন্দির এবং দত্তবাড়ি চালপটি থেকে রথযাত্রাগুলো বের হয়। ভগবান জগন্নাথ দেব আজ মাসির বাড়ি যাচ্ছেন, ঠিক নয় দিন পর তিনি আবার উল্টো রথে নিজ মন্দিরে ফিরে আসবেন। সব মিলিয়ে কড়া নিরাপত্তায় অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে রথযাত্রার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা