
বগুড়া সংবাদ : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে নেতাকর্মী ও সমর্থকরা কালো ব্যাজ ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ ছাড়া সন্ধ্যায় দুপচাঁচিয়া মডেল মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মহিত তালুকদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান ও দেশের উন্নয়নে তাঁর ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান, সহ-সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদল নেতা আশরাফুল আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, পৌর যুবদলের সিনিয়র আহ্বায়ক নাঈম কবিরাজ, যুবদল নেতা রাব্বু খান ও বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহিলা নেত্রী আসফিয়া হায়াত সিলভা, নাসরিন সুলতানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা